ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫
ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণের পর বাড়িতে ভাঙচুরের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িটির অন্তত ১৬টি টিনশেড ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক হাবিবুর রহমান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।


হাবিবুর রহমানের অভিযোগ, রাত ৩ টার দিকে প্রতিবেশী কবির হোসেনের নেতৃত্বে শতাধিক লোকজন তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। পরে নির্মাণাধীন বাড়িতে ঢুকে অন্তত ১৬টি টিনশেড ঘর ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়।


হাবিবুর রহমান বলেন, হামলার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।


এদিকে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজে রাতের বেলায় একদল লোককে একটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করতে দেখা যায়। তাঁদের কয়েকজনের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল।


স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ পরপর বিকট শব্দ শোনা যায়। তাঁদের ধারণা, শব্দ দুটি ককটেল বিস্ফোরণের। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি দোকান থেকে লোকজন বের হওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের বাধা দেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দোকানগুলোর সামনে হামলাকারীদের কয়েকজন অবস্থান করছিলেন বলেও তাঁরা জানান।


তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কবির হোসেনের স্ত্রী লিমা আক্তার। তাঁর দাবি, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। লিমা আক্তার বলেন, ‘আমাদের এই জমি নিয়ে গত ১৫ বছর ধরে ঝামেলা চলছে। তাঁরা মামলা করেছে, আমরাও মামলা করেছি। তাঁরা নিজেরাই ভাঙচুর চালিয়ে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।'


অভিযোগের বিষয়ে কবির হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সাজ্জাদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com