পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+


পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ ও দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকেরা ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকার একটি মিষ্টির দোকানে অবস্থান করছিলেন। এ সময় তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকেরা একটি মিছিল নিয়ে ওই এলাকায় আসেন।


মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান করে পরস্পরকে ধাওয়া করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের বেশির ভাগই ইটপাটকেলের আঘাতে মাথায় জখম হয়েছেন। পরে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।


পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করি। এ ঘটনায় কোনো পক্ষের মামলা হয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি ।


এর আগে রবিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। দলীয় ও স্থানীয় সূত্রের দাবি, ওই ঘটনার জের ধরেই রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com