
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ ২জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বাদাল একই গ্রামের মৃত ফুলচাঁদ বাদালের ছেলে এবং আহতরা নিহত ইমদাদুল হক বাদালের ছেলে তপন (১৯) এবং তার চাচাতো ভাই মৃত আলেক উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই বজলু রহমান বাদালের সঙ্গে ছোট ভাই ইমদাদুল হক বাদালের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে বজলু রহমান ধারালো হাসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় বাবাকে রক্ষা করতে গেলে তপনকেও হাতে ও পিঠে সহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে বাবুল হোসেন বাধা দিতে গেলে তাকেও হাসুয়া দিয়ে আঘাত করে পেটের ভুড়ি বের করে দেওয়া হয়। এতে তিনিও গুরুতর আহত হন। ইমদাদুল হক ঘটনাস্থলেই নিহত হলে আহতদের উদ্ধার করে প্রথমে
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুরিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলী জানান, জমি নিয়ে বিরোধে বড়ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছে। আহত হয়েছে নিহতের ছেলে ও ভাতিজা। তারা কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। পুলিশ উপস্থিত থাকায় বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলায় ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারেঅভিযান চলছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]