সমাজকল্যাণ মন্ত্রী
ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৩
ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‘যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে—তাদের প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।


রবিবার (১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনাদের যদি সৎ সাহস থাকে, তাহলে পালিয়ে না থেকে দেশের আইন-আদালতের মুখোমুখি হোন।’


তিনি বলেন, আইন-আদালতের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা বুঝতে পেরেছে, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মব কালচার সৃষ্টি এবং নানা ধরনের উসকানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।


বিএনপির আন্দোলন ও নেতাকর্মীদের ত্যাগের প্রসঙ্গ তুলে এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি এ দেশে থেকেই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় মাঠে থেকে দায়িত্ব পালন করেছে।


তিনি বলেন, ‘আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে জেলখানায় পোরা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি।’


মন্ত্রী আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের কমতি দেখাননি।


এর আগে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হয়।


মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com