
চীন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সিঙ্গাপুর থেকে বিনিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল পরিদর্শন করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি এসব এলাকা পরিদর্শন করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে বিদেশি বিনিয়োগকারীরা দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকলের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, জমির প্রাপ্যতা এবং বিনিয়োগের সম্ভাব্য বিভিন্ন দিক ঘুরে দেখেন। তারা সংশ্লিষ্টদের সঙ্গে বিনিয়োগের সম্ভাবনা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করেন।
এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রতিনিধি দলকে দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকলের বিভিন্ন সুযোগ-সুবিধা, সম্ভাবনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের এ সফরের মধ্য দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকলে আন্তর্জাতিক বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিনিধি দলে ছিলেন চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, রিচটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিয়াংহাই হান, জিয়ানজুন সান, সিঙ্গাপুরের চুয়া সিন তাত (কাই শেংদা), চীনের ইংজি ঝু, বাংলাদেশের মো. সেরাজুস সালেকিন, মো. মাহফুজুর রহমান, সুলতান মেহেদী রহিম ও মো. এমদাদ হোসাইন।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]