
উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও যোগাযোগের প্রধান প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জে ৭৪৩ কোটি টাকার মেগা প্রকল্প হস্তান্তরের আগেই যেন মুখ থুবড়ে পড়েছে। আধুনিক ও সড়ক ব্যবস্থা সহজ করার উদ্দেশ্যে গৃহীত এই বিশাল বাজেটের মেগা প্রকল্পটি এখন পরিণত হয়েছে চরম দুর্ভোগের মরণফাঁদে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি, অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগে সদ্য সমাপ্ত ঢালাই করা রাস্তায় দেখা দিয়েছে সুবিশাল খানাখন্দ।
নির্মাণকাজে অনিয়ম ও চরম গাফিলতি:
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে সুনির্দিষ্ট তদারকি ও জবাবদিহিতা না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ পরিচালনা করেছে। কংক্রিট ও রডের সঠিক মান বজায় না রেখে তড়িঘড়ি করে ঢালাইয়ের কাজ শেষ করা হয়। ফলে সামান্য বৃষ্টি ও যানবাহন চলাচলের পরপরই কংক্রিট উঠে গিয়ে গভীর গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে । আধুনিক ইন্টারচেঞ্জের বদলে পুরো সড়কজুড়ে এখন জরাজীর্ণ দৃশ্য।
নাটোর বনপাড়া ও বগুড়া ঢাকা-পাবনা মহাসড়কের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ঢালাই ভেঙে যাওয়া অংশে পানি ও কাদা জমে প্রায় প্রতিদিনই ঢাকা ও উত্তরবঙ্গগামী গাড়িগুলো হেলে পড়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ফলে প্রকল্পের স্থানে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যা পুরো উত্তরবঙ্গের যাত্রীদের চরম দুর্ভোগে ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নকশায় নির্মিত এত বড় বাজেটের মেগা প্রকল্পে এত দ্রুত ঢালাই ভেঙে যাওয়া বড় ধরনের দুর্নীতির স্পষ্ট প্রমাণ। কিউরিং প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলেই এ বিপর্যয় ঘটেছে। সরকারের কোটি কোটি টাকার এই মেগা স্বপ্ন আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মুনাফা লোভের বলী হয়েছে বলে দাবি ক্ষুব্ধ পথচারীদের।
শাস্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি:
প্রকল্পের এমন চরম বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও চালকেরা অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে সরকারি অর্থ অপচয়ের দায়ে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (DPM) এবং বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নতুন প্রকল্প ব্যবস্থাপক (PM) মো. সরফরাজ হোসেনকে মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন রিসিভ হয়নি। এবং হোয়াটসঅ্যাপে বক্তব্যের জন্য এসএমএস করলেও তার কোন সদ উত্তর পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]