
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। নিহত খালিদ ও আফিয়া দুই ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও তলিয়ে যায়। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]