
লালমনিরহাটের পাটগ্রামে পাথর উত্তোলনের অবৈধ ড্রেজার মেশিন জব্দ করায় বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিজিবি আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দিয়ে পাটগ্রাম থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও ঘটনার বিবরণ অনুযায়ী, বিজিবি সদস্যগণ আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকা থেকে পাথর উত্তোলনের একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যান। এই খবর পেয়ে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। সেখানে তারা বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে জব্দকৃত ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।
পরবর্তীতে বিজিবি সদস্যরা সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে ঘটনাস্থল থেকেই ৬ জনকে আটক করেন। আটককৃত ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন এবং দুলাল মিয়া।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ৬ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]