জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের অভিযোগে চিলমারীতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৫
জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের অভিযোগে চিলমারীতে সংবাদ সম্মেলন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে বিপ্লব মিয়া ও তাঁর স্ত্রী আনু বেগমের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রহমত আলী শামীম।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব চিলমারীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম।


লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৯৭ সালে তাঁর বাবা বিপ্লব মিয়ার বাবা ও চাচাদের কাছ থেকে জমি কিনে ভোগদখলে নেন। জমি বিক্রির পর বিপ্লবের বাবাকে সাময়িকভাবে থাকার জন্য জমির এক কোণে প্রায় চার শতাংশ জায়গা মৌখিকভাবে দেওয়া হয়। পরে তাঁরা আর জায়গা ছেড়ে দেননি।


শামীম বলেন, জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও বিপ্লব সময়ক্ষেপণ করেন। গত ১৪ আগস্ট এ বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি হয়। পরে ১৮ আগস্ট স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। সেখানে বিপ্লবকে বাড়ি স্থানান্তরের জন্য তিন লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে এক লাখ টাকা দেওয়া হলেও তিনি বাড়ি স্থানান্তর করেননি বলে দাবি করেন শামীম।


তিনি আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার পর বিপ্লব তাঁর ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন এবং থানায় ভুল তথ্য দিয়ে অভিযোগ করার চেষ্টা করছেন।


সংবাদ সম্মেলনে শামীম অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শালিসের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন।


এর আগে একই ঘটনায় শামীমের পক্ষে চিলমারী উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন হাফিজুর রহমান হাফিজ, শাহ আলম প্রমুখ।


অভিযোগের বিষয়ে বিপ্লব মিয়া বলেন, ‘আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি নিয়ে বিরোধের জেরে আমাদের হয়রানি করা হচ্ছে। আমাদের ওপর হামলা, ভাঙচুর ও হয়রানির ঘটনাও ঘটেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাই।’


বিবার্তা/রাফি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com