কোটচাঁদপুরে ৭ মাস পর মিলল জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার
প্রশ্নের মুখে শিক্ষা সপ্তাহের আয়োজন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৪
কোটচাঁদপুরে ৭ মাস পর মিলল জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি মাসে। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরও ক্রেস্ট ও সনদ পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় সাত মাস। অবশেষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


জানা গেছে, প্রতিবছরের মতো চলতি বছরের জানুয়ারি মাসে কোটচাঁদপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়। এতে খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে মোট ২৫টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে বিজয়ী হন অনেক শিক্ষার্থী। তবে বিজয়ের পর পুরস্কার হাতে পেতে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।


বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিনসহ সংশ্লিষ্টরা।


তবে অনুষ্ঠানে অতিথি ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল সীমিত। উপস্থিত ছিলেন বিজয়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা।


পুরস্কার বিতরণে দীর্ঘ বিলম্বের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও উঠেছে। তবে অভিযোগটি অস্বীকার করে সাবেক কর্মকর্তা দাবি করেছেন, বাজেট পাশ না হওয়ায় সময়মতো পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক আহম্মেদ, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী এবং কুল্লোগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান (নান্নু)।


এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “কয়েক দিন আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছিলাম। তখন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানটির বিষয়ে মৌখিকভাবে আমাকে দাওয়াত দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, তা আমাকে আর জানানো হয়নি।”


কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গণমাধ্যমকর্মী মঈন উদ্দিন খান অভিযোগ করে বলেন, “পুরস্কার বিতরণের জন্য বরাদ্দকৃত টাকা সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ আত্মসাৎ করেছিলেন বলে আমরা জানতে পারি।


বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয়ীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। তবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের জানানো হয়নি।”


তবে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দাবি, অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। বাজেট অনুমোদন না হওয়ায় নির্ধারিত সময়ে পুরস্কার বিতরণ করা সম্ভব হয়নি।


দীর্ঘ সাত মাস পর বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছালেও, প্রতিযোগিতা শেষ হওয়ার পর এত দীর্ঘ সময় কেন অপেক্ষা করতে হলো—এ প্রশ্নের সুষ্ঠু ব্যাখ্যা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com