
মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে দেওয়া কর্মবিরতি ১৫ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয় জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি।
ফলে জামালপুর-ঢাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসচালক ও সহযোগীদের (হেলপার) মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি।
জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শুভ বলেন, ‘আমাদের যে বাস ধর্মঘট চলছিল, তা প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে সব যান চলাচল করবে। আমাদের যে দাবিগুলো ছিল, তা প্রশাসন সব মেনে নিতে চেয়েছে।’
জামালপুর জেলা প্রশাসক (ডিসি) ইউসুপ আলী বলেন, বাস মালিক ও শ্রমিকদের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সংকট সমাধান করা হয়েছে। এছাড়া সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনও কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]