
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কর্ণজোড়া এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে বুধবার রাতে কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকে থাকা বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য নির্ধারণ করা হয় ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও সীমান্ত এলাকায় অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]