ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে ৩ শিশুর মৃত্যু
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে ৩ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও ভূল্লী এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর ) দুপুরে এসব ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।


রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামে তীরনই নদীর পানিতে ডুবে এহেসান ও কাউসার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজনের বয়সই পাঁচ বছর। তারা একই গ্রামের বাসিন্দা।


নিহত এহেসান জাহিদ হাসান জাহানুরের ছোট ছেলে। অপর শিশু কাউসার অটোচালক কালামের ছোট ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে কোনো একসময় দুই শিশু তীরনই নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।


এদিকে একই দিনে ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার শুখান পুখুরী ইউনিয়নের বাংরোট গ্রামে ভুল্লী নদীতে ডুবে আরও এক পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।


পরিবারের লোকজনের অগোচরে কয়েকজন শিশুর সঙ্গে ভুল্লী নদীর নতুন সেতুর পাশে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায় সে। এ সময় আশপাশে কেউ না থাকায় পানিতে ডুবে যায় শিশুটি।


পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।


রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।


অপর দিকে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com