
প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে জনগণের সুযোগ সুবিধা দেখতে বলেছেন, উনি নিজেও দেখেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, আমরা তারেক রহমানকে এবং পুরো দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জাতীয়তাবাদী দলসহ অন্যান্য যারা আছেন সবাইকে বলতে চাই, গোবিন্দগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন রাজপথ দখল করবে, রাজপথ ছেড়ে দিবে না। ঝড়বৃষ্টি, খরা আর যতকিছু আসুক, রাজপথ তারা ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। হুমকি-ধামকি দিয়ে কোনো লাভ হবে না। যারা আজীবন ক্ষমতায় থাকার জন্য দোয়া করত, তাদের জন্য এটা আমাদের মেসেজ।
তিনি আরও বলেন, আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিকে শুধু পতাকা দিয়ে আপনাদেরকে সম্মানিত করে নাই। পার্শ্ববর্তী দুইটা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে উপহার দিয়েছেন। এটার প্রতিফলন আমাদেরকে স্থানীয় সরকার নির্বাচনে দিতে হবে। অবশ্যই দিতে হবে, প্রত্যেকটি ডেভেলপমেন্ট ওয়ার্কে দিতে হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমাদের এই পতাকার জবাব দিতে হবে, প্রতিফলন দিতে হবে কাজের মাধ্যমে। যেই নমিনেশন পাক, যেই মনোনয়ন পাক, যেই দলের সমর্থক পাক, সে আমার পছন্দ হোক বা না হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে।
এসময় তিনি আওয়ামী লীগ আমলের দুর্নীতি সম্পর্কে বলেন, আওয়ামী দুঃশাসনের ফ্যাসিস্ট আমলে প্রকল্প এসেছে কাজ হয় নাই। আমরা দেখেছি একটা প্রকল্প আসছে, আমাদেরকে তালিকা চাওয়া হয়েছে, এখানে খাল খনন করতে হবে। আমরা যখন তালিকা দিয়েছি, তারা বলছে কয়দিন আগেই খনন হইছে। এখানে তো জমি দেখা যায়, ধান চাষ হচ্ছে। খাল কোথায় পেলেন? তখন দেখা গেছে বরাদ্দ আসছে আর ওভাবেই চলে গেছে। খাল খনন আর হয় নাই।
আলোচনা সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন চাপড়ীগঞ্জ সীমানায় পৌছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পৃরে ঢাকা-রংপুর মহাসড়কে শত শত মোটরসাইকেলের বহর যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন৷
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]