
দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি নিজ দেশে ফিরিয়ে নিতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন তার স্বজনরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা তাসনিমের উপস্থিতিতে পুলিশের সহায়তায় কবরস্থান থেকে হাসমত মোহাম্মদীর মরদেহ উত্তোলন করা হয়।
প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের ভাই ইমাল মোহাম্মদীর কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। পরে মরদেহ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি।
জানা যায়, গত ১৩ এপ্রিল মহেশপুরের ইচ্ছামতী নদী থেকে ভাসমান অবস্থায় হাসমত মোহাম্মদীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি। সে সময় তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রকাশিত মরদেহের ছবি দেখে স্বজনরা হাসমত মোহাম্মদীকে শনাক্ত করেন। এরপর তার মরদেহ ফিরে পেতে বাংলাদেশে আসেন ভাই ইমাল মোহাম্মদী। দীর্ঘ প্রায় ৫০ দিন ধরে ভাইয়ের মরদেহ পাওয়ার আশায় তিনি বাংলাদেশে অবস্থান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
অবশেষে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাসমত মোহাম্মদীর মরদেহ এখন নিজ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহ আফগানিস্তানে নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]