গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পরে আওয়ামী লীগ নেতা আহত
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০:৫৭
গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফিয়ে পরে আওয়ামী লীগ নেতা আহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে আহত হয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলেন।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় আইয়ুবকে গ্রেফতার করে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর থানা-পুলিশের একটি দল সন্ন্যাসী গ্রামে তাঁর বাড়ি ঘেরাও করে। পুলিশ বাড়িতে উপস্থিত হওয়ার বিষয়টি টের পেয়ে আইয়ুব ছাদ দিয়ে পালানোর চেষ্টা করেন।


পুলিশের মতে, একপর্যায়ে বাড়ির পেছন দিকে নামার সময় টিনের বেড়ার ওপর পড়ে তিনি আহত হন। এতে তাঁর পায়ের আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে যায়। পরে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।


কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ বলেন, জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলা দুটি হলো জিআর-৩১৯/২৪ (কুড়িগ্রাম) ও জিআর-৩২১/২৪ (কুড়িগ্রাম)। তিনি এসব মামলার পলাতক আসামি।


ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুবের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশ ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সাড়া দেয়নি। পরে তিনি ছাদ দিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন। তাঁকে গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে আইয়ুবকে কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com