
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সমবেত হয়ে এই জুলুসে অংশ নেন।
সকালে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জশনে জুলুসটি বের হয়ে হাতে সবুজ পতাকা, নানা রঙের ব্যানার ও ফেস্টুনসহকারে শান্তিপূর্ণভাবে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র বেলাদত ও ওফাতের স্মরণে দরুদ, সালাম এবং নাতে রাসুল পরিবেশন করেন।
মিছিল চলাকালে মুসল্লিরা মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনুসরণের তাগিদ দেন এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। জশনে জুলুসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং নানা বয়সের হাজারো সাধারণ মানুষ অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরজুড়ে এক উৎসবমুখর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
র্যালি শেষে পুনরায় অডিটোরিয়াম চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি এবং পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আ. ন. ম. আব্দুল করিম।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]