রংপুরে চাঞ্চল্যকর চার খুনের নিরপেক্ষ তদন্তের দাবিতে সুজনের মানববন্ধন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৫১
রংপুরে চাঞ্চল্যকর চার খুনের নিরপেক্ষ তদন্তের দাবিতে সুজনের মানববন্ধন
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রংপুরে চাঞ্চল্যকর চক্রবর্তী পরিবারের চার খুনের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে 'সুশাসনের জন্য নাগরিক' (সুজন)।


বুধবার (২৬ আগস্ট) রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।


মানববন্ধনে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুলিশের চলমান তদন্ত নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে সুজন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আজ চারজন মানুষকে যেভাবে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে, তার তদন্তের বিভিন্ন দিক নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধোঁয়াশা ও প্রশ্ন তৈরি হয়েছে।


সুজনের জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু তাঁর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, রংপুরে পুলিশের বিভিন্ন ইউনিট ও জনবল বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। পুলিশের সঙ্গে জনগণের যে ধরনের আস্থা ও সহযোগিতার সম্পর্ক থাকা প্রয়োজন, সেটিও পুরোপুরি গড়ে ওঠেনি।


তিনি আরও বলেন, মাত্র একজন বা দুজন মাদকাসক্ত ব্যক্তি একাকী চারজন মানুষকে এভাবে হত্যা করতে পারে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। মাদকের বিষয়টিকে সামনে এনে প্রকৃত অপরাধী, মূল পরিকল্পনাকারী কিংবা নির্দেশদাতাদের আড়াল করার কোনো চেষ্টা চলছে কি না, তাও খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নীরবতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।


সুজন রংপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট পুলিশের তদন্তের গুরুতর কিছু গাফিলতির দিক তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন গ্রেফতারকৃত আসামিদের কেন এখনও ডোপ টেস্ট করা হলো না? ঘটনার আগাম তথ্য কীভাবে তৃতীয় কারও কাছে পৌঁছেছিল এবং হত্যাকাণ্ডের ঠিক সময়েই কেন ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল?


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্বল তদন্তের কারণে যদি প্রকৃত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, তবে তা দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। এই হত্যাকাণ্ড কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কি না, তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। একই সঙ্গে তিনি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানান।


মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।


বিবার্তা/নাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com