
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন।
জানা গেছে, দাওয়াত খেতে স্বামী ও মেয়েকে নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বেরিয়েছিলেন সম্পা বেগম। কিন্তু আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তারা দুইজন প্রাণ হারান।
শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম।
নিহতরা হলেন- সম্পা বেগম (৩৫) ও তার ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক শম্পার স্বামী সেলিম সরকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। আর ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]