
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রংপুর জেলা ও সদর দলিল লেখক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে রংপুর সদর দলিল রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রমিজ আলম।
স্মারকলিপিতে উল্লেখিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে -দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা নিষিদ্ধ করা ও প্রজ্ঞাপন জারী করা, থানা,জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যাতীত অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান বন্ধ ও প্রজ্ঞাপন জারী করা,সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মান করে দিতে হবে,যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/মুসাবিধা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে ।
স্মারকলিপি প্রদান শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তরে এবং সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি কাজী ওবায়দুল হক এবং সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইবনে হোসেন।
পরে জেলা রেজিস্টার ও সদর সাব-রেজিস্টার বরাবর স্মারক লিপি প্রদান করেন রংপুর জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
জেলা রেজিস্টার ও সদর সাব-রেজিস্টার এর পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সদর সাব রেজিস্টার সুব্রত কুমার সিংহ।
নেতৃবৃন্দ বলেন, দলিল লেখকরা শত বছর ধরে জনগণের সম্পত্তি নিবন্ধন সেবা দিয়ে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করছেন। কিন্তু বর্তমানে এই পেশাকে সংকুচিত করার ষড়যন্ত্র চলছে। তারা অবিলম্বে ৭ দফা দাবি মেনে নিয়ে দলিল লেখক পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
উক্ত কর্মসূচিতে সারওয়ার আজাদ, মোতালেব সরকার, মোশাররফ হোসেন, তুকলে ফুল রহমান মুকুট, মুজাহিদ উল ইসলাম ( মুজাহিদ রাব্বী ), মনিরুল ইসলাম দীপু, আসিফ আব্দুল্লাহ বিপু,শামসুল আবেদিন রানা, জুলফাত হোসেন, রফিকুল ইসলাম রাসেল, ওয়াশিউল রুবেল, মোরশেদুল আজীম দুরন্ত, নাসিরুল ইসলাম সিজু, কামরুজ্জামান কামু নুর ই এলাহী, মোখলেসুর রহমান দুলাল, মাসুদ রানা পলাশ, আবু বক্কর সিদ্দিক মিঠু, মোখলেসুর রহমান, পলাশ, বাবর আহমেদ, রোমান আলী কারফু
শাহিনুর রহমান পলাশ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম শেলিজ, সেলিম সরকার, খ ম রোকনুজ্জামান, তবিবুর রহমান উত্তাল সহ জেলার সর্বস্তরের শতাধিক দলিল লেখক অংশ নেন।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]