পঞ্চগড় সদর হাসপাতালে সিন্ডিকেট নির্মূলের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৪
পঞ্চগড় সদর হাসপাতালে সিন্ডিকেট নির্মূলের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড় জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবায় কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম কিংবা বৈষম্য বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ।


শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।


প্রতিমন্ত্রী বলেন, সরকারি হাসপাতাল কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর নিজস্ব উদ্যোগে পরিচালিত হতে পারে না। এখানে সরকারের সরাসরি সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেউ যদি হাসপাতালের চিকিৎসাসেবা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে বা সিন্ডিকেট গড়ে তোলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, পঞ্চগড়ের সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় অংশীজনরা পঞ্চগড় সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবি জানান তারা।


সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিলেও এখানে এমআরআই ও সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ আধুনিক যন্ত্রপাতি নেই। ফলে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কিংবা ঢাকায় যেতে হয়।


তিনি বলেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।


মতবিনিময় সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন।


সভায় পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত নেওয়া হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com