
লালমনিরহাটে সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষক। জমিতে মালচিং পেপার, জৈব সার ও মাটির গুণাগুণ পরীক্ষা করে পরিমাণমতো রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এমনকি লতা জাতীয় সবজি চাষের জন্য মাচা তৈরিতে নেট ও কট সুতার ব্যবহার বাড়িয়েছেন কৃষক।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা ব্যাপক উৎসাহে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ শুরু করেছেন। প্রধানত অতিবৃষ্টি ও প্রখর রোদের কারণে যখন সনাতন পদ্ধতিতে সবজি উৎপাদন ব্যাহত হয়, ঠিক তখনই প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় কৃষকরা এই পদ্ধতি অবলম্বন করছেন।
এ ছাড়া জমিতে সার প্রয়োগ ও কীটনাশক স্প্রে যেন সহজে করা যায়, সেই দিক থেকেও এই প্রযুক্তি ইতিবাচক সাড়া ফেলেছে। জমিতে এই পদ্ধতিতে সবজি চাষ করলে সেচ দেওয়া সহজ হয়, অতিরিক্ত সার প্রয়োগের প্রয়োজন পড়ে না এবং ফলনও বেশি পাওয়া যায়। ফলে কৃষকের লোকসানের আশঙ্কা অনেকাংশে কমে যায়।
আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার কৃষক হাসেন আলী বলেন, অতিবৃষ্টি ও প্রখর রোদের কারণে আমরা আগে লাভজনকভাবে সবজি উৎপাদন করতে পারতাম না। কিন্তু জমিতে মালচিং পেপার ব্যবহার করে ফসল উৎপাদন করায় তা রোদ ও বৃষ্টি সহনশীল হচ্ছে। পাশাপাশি সেচ সুবিধা ভালো পাওয়ার সঙ্গে সঙ্গে ফলনও ভালো হচ্ছে।
একই উপজেলার দারোগার বাজার এলাকার কৃষক দীন ইসলাম বলেন, মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করলে খরচ কম হয় এবং ভালো ফলন পাওয়া যায়। তবে কৃষি বিভাগ যদি বাজারে উন্নতমানের বীজ ও সঠিক কীটনাশকের সরবরাহ নিশ্চিত করে, তবে এ পদ্ধতিতে ফসল ফলিয়ে কৃষকরা আরও বেশি লাভবান হবেন।
ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন, সাধারণ পদ্ধতির চেয়ে মালচিং পেপার ব্যবহার করে ফসল উৎপাদন করা অনেক সহজ। এ পদ্ধতিতে শ্রমিক খরচসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয় কমে যায়। তা ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে সহজে ফসল নষ্ট হয় না।
এ বিষয়ে লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, কৃষিতে মালচিং পেপারের ব্যবহার একটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এই পদ্ধতিতে সবজি চাষ করলে ফসলে রোগবালাইয়ের আক্রমণ কম হয়, জমিতে দেওয়া সার অপচয় হয় না এবং তুলনামূলক অনেক ভালো ফলন আশা করা যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]