
লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে একটি আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনের পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো. সোহরাব হোসেন (৪০) বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো. আলামিন (৩৪) পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৪৭) রংপুরের কোতোয়ালী থানার রামপুরা এলাকার প্রাইভেটকার চালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফিরছিল। পথে দক্ষিণ গড্ডিমারী এলাকায় সাবেক এমপি মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে মহাসড়কে একটি সাদা প্রাইভেটকার সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পুলিশের গাড়িটি প্রাইভেটকারটির সামনে থামতেই চালকের আসনে একজনকে দেখতে পায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিত্যক্ত বাড়িটি থেকে আরও ৭-৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে চারজনকে হাতেনাতে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১টি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন ও ১টি ড্রিল মেশিন ৮টি ড্রিল বিট ও ৪টি গ্রাইন্ডিং ব্লেড
৪টি স্লাইড রেঞ্চ, ১টি প্লাস, ২টি ক্যাবল কাটার প্লাস ও ৩টি স্ক্রু ড্রাইভার ২টি হ্যাক্স ব্লেড, ২টি লোহার ছেনি ও ১৫টি বিভিন্ন ধরনের চাবি ২টি কসটেপ, ১টি ছোরা ও ১টি লোহার তৈরি দা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা গেছে যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও মুলতবি রয়েছে। তারা একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় দণ্ডবিধির ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা (মামলা নম্বর: ২১/১৩ আগস্ট) দায়ের করা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান সরকার জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]