লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:৪২
লালমনিরহাটে মাদক মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।


​বুধবার (১২ আগস্ট) বিকেলে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামিরা আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন।


​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।


​মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানের টের পেয়ে সটকে পড়ার চেষ্টাকালে পুলিশ আতাউর রহমানকে হাতেনাতে আটক করে, তবে কৌশলে পালিয়ে যান অপর আসামি জিয়ন। পরে আতাউরের সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


​এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় দেন।


​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, "মাদকের বিস্তার রোধে এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অত্যন্ত ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধীদের সতর্ক করবে।"


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com