সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২০:৫১
সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে জামায়াত নেতা, রক্ষা পেলেন এমপি
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীর কুলে পড়ে যান জামায়াতের নেতা-কর্মীরা। অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।


বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হননি বলে জানিয়েছেন ডিমলা উপজেলা জমায়াতের সেক্রেটারি মো. রোকনুজ্জামান।


ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় সংসদ সদস্য আব্দুস সাত্তারের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সাঁকোতে উঠে সামনের দিকে এগোতে থাকেন। কেউ একজন বলেন, ‘যাওয়া যাবে, সমস্যা হবে না।’ আব্দুস সাত্তার সামনে ছিলেন। তাঁর পেছনে সাঁকোটি ভেঙে পড়তে থাকে। তখন কয়েকজন নিচে পড়ে যান।


জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিমলা উপজেলা সদরের সঙ্গে নাউতরার যোগাযোগের জন্য নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকোর স্থানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিপ্রেক্ষিতে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার জামায়াতের স্থানীয় নেতাদের নিয়ে ওই সাঁকো পরিদর্শনে যান। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সাঁকোর ওপর উঠলে সেটি ভেঙে পড়ে। উপজেলা জামায়াতের আমির মজিবুর রহমান, নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রোকনুজ্জাান, সংসদ সদস্যের দেহরক্ষী আব্দুল মান্নান, ইউনিয়ন জামায়াতের আমির নূর মোবাশ্বেরসহ ৮–১০ জন সাঁকো থেকে নিচে পড়ে যান।


এ বিষয়ে জানতে সংসদ সদস্য আব্দুস সাত্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।


ডিমলা উপজেলা জমায়াতের সেক্রেটারি মো. রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় লোকজনের আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সাত্তারের নেতৃত্বে আমরা সেখানে যাই। সাঁকোটি পরিদর্শনের সময় হঠাৎ করে সেটি ভেঙে পড়ে। আমরা এবং স্থানীয় কিছু লোকজন ওই সাঁকো থেকে পড়ে যাই। তবে সংসদ সদস্য রক্ষা পান।’ ওই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com