
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থান উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতা স্মারক মাঠে ছাত্রশিবির আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বেরোবি শাখা ইসলামী ছাত্রশিবির। ওই প্রদর্শনীতে 'জুডিশিয়াল কিলিং' (আইনি হত্যা) শিরোনামের একটি ব্যানারে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের শীর্ষ কয়েকজন নেতা এবং সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে ওই বিতর্কিত ব্যানার ও ছবিগুলো সরিয়ে ফেলার দাবি জানান। এ সময় ব্যানার সরানো নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
উত্তেজনা একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা, স্টাম্প, চেয়ার এবং গাছের ডাল নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ। দফায় দফায় চলা এই সংঘর্ষে মাঠের চারপাশ রণক্ষেত্রে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বেশ কয়েকজন ছাত্র রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং কারো কারো মাথা ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর ড. ফেরদৌস রহমান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় ক্যাম্পাসের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রক্টর জানান, ক্যাম্পাসের সিসিটিভি এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা হবে। খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ক্যাম্পাসে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি সংগঠনই ক্যাম্পাসের পৃথক পৃথক স্থানে অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]