প্রতিমন্ত্রীকে জড়িয়ে এডিট করা ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৮:৫৮
প্রতিমন্ত্রীকে জড়িয়ে এডিট করা ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সঙ্গে নিজের ছবি ও ভিডিও এডিট করে প্রচার, মিথ্যা তথ্য ছড়ানো এবং চরিত্র হননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক শিক্ষার্থী।


শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা রাহেমীন মারিয়া এলিন। তিনি বর্তমানে পঞ্চগড় জেলা সদরের একটি মেসে থেকে মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস (সম্মান) শেষ বর্ষে অধ্যয়ন করছেন।


সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর বাবা-মা অনেক আগেই মারা গেছেন। নিজের পড়াশোনার খরচ নিজেকেই বহন করতে হয়। নানা প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে তিনি উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।


লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক আইডি ও পেজে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে তাঁর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তাঁর দাবি, এগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।


তিনি বলেন, একটি সামাজিক অনুষ্ঠানের প্রয়োজনে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি একটি ছবি তুলেছিলেন। সেই ছবিকে বিকৃত করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নতুন ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।


রাহেমীন মারিয়া এলিন বলেন, “ভুয়া আইডি, বিভিন্ন পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর আমি পরিবার ও সমাজের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। বাড়িতে যেতে পারছি না, কলেজেও যেতে ভয় লাগছে। বাসার বাইরে বের হতেও সংকোচ বোধ করছি।”


তিনি আরও বলেন, এর আগেও ছাত্রলীগের এক সভাপতির সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।


ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com