
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের দিক নির্দেশনায় মাত্র তিন মাসের ব্যবধানে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে লক্ষণীয় পরিবর্তন।
মাদক, ডাকাতি, ছিনতাই এবং সামাজিক ব্যাধি হিসেবে পরিচিত ‘হানিট্র্যাপ’ প্রতারক চক্রের নারী সদস্যসহ একাধিক অপরাধীকে গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।
মঙ্গলবার (২৮ জুলাই) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে ওসির হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
সলঙ্গা থানায় যোগদানের পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেন ওসি আসলাম আলী। গত তিন মাসে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে। এসব অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী, ডাকাত দল এবং প্রতারক চক্রের একাধিক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়।
বিশেষ করে, সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা বহুল আলোচিত ‘হানিট্র্যাপ’ চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করায় স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে জানান, বিগত যেকোনো সময়ের তুলনায় সলঙ্গা থানার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক জোরদার। সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার পথ সুগম হওয়ায় থানা পুলিশের প্রতি এলাকাবাসীর আস্থা ও বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, "এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি সলঙ্গা থানা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, তাঁদের আস্থা বজায় রাখা এবং সলঙ্গাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]