গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:৩৮
গোবিন্দগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১০
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা লাগার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।


শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন - গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জল দাসের ছেলে অনন্ত দাস (২৯), গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের কোতোয়ালি থানার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭), আলমগীর (২১) সহ অন্তত ১০ জন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিএফ পরিবহনের (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) একটি বাস চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এসআর গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট পার হওয়ার পর সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সংঘর্ষে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।


খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com