
পঞ্চগড়ে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান MDT Innovations Sdn. Bhd.-এর প্রতিনিধি দলের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগের সম্ভাবনা, প্রযুক্তি বিনিময় এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্মার্ট প্রযুক্তির ব্যবহার, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা।
সভায় মালয়েশীয় প্রতিনিধি দলের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (CTO) সিম হন ওয়াই (Sim Hon Wai) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিজয় শঙ্কর (Vijay Shankar) তাদের প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি, ইন্টারনেট অব থিংস (IoT) ভিত্তিক সমাধান এবং আইসিটি খাতের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। তারা বাংলাদেশের প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পঞ্চগড়ে সৌরবিদ্যুৎ (সোলার) প্লান্ট স্থাপনের সম্ভাবনা নিয়েও গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন ।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]