
‘মাদক নয়, মাঠে নামি—জুয়া নয়, স্বপ্ন গড়ি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঝিনাইদহের কোটচাঁদপুরে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক ভাইস চেয়ারম্যান একরামুল হক, জামায়াত সমর্থিত পৌর মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিয়ার রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, জুয়া ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে। তাই এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় বলুহর ইউনিয়ন পরিষদ একাদশ ১-০ গোলের ব্যবধানে দোড়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অন্য দুটি ম্যাচেও খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও দর্শকদের প্রাণবন্ত সমর্থনে মাঠ ছিল উৎসবের আমেজে ভরপুর।
টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা উপজেলার ফুটবলের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবার্তা/রায়হান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]