ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুশিয়ারি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২২:৩০
ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের কর্মবিরতি, কঠোর আন্দোলনের হুশিয়ারি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।


বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) এ কর্মসূচি পালন করা হয়। এরি আগে সকালে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মিল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ২ ঘণ্টা কর্মবিরত কর্মসুচি পালন করেন।


এসময় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকদের জন্য নতুন মজুরি স্কেল ঘোষণার দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী শ্রমিকদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে পূর্বের ন্যায় অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো মজুরি কমিশনের আওতাধীন শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর নতুন মজুরি স্কেল ঘোষণা করতে হবে।


বিক্ষোভ কর্মসূচি শেষে ফেডারেশনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।


এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিকসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com