
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, "শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যারা পড়ালেখায় ভালো ফলাফল করবে, তাদেরকে আরও বড় পরিসরে বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করা হবে।
সোমবার (২০ জুলাই) আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী আয়োজিত এক বর্ণাঢ্য উন্নয়ন ও বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিতমারী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে নানা ধরনের সামগ্রী ও সহায়তা প্রদান করা হয়।
সোমবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে স্কুল ব্যাগ এবং অসচ্ছল শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়। দুপুরে উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন এমপি রোকন উদ্দিন বাবুল।
পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ পানির ফিল্টার, সিলিং ফ্যান, বেঞ্চ, গাছের চারা এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ 'চাইল্ড ফ্যাসিলিটি কিট বক্স' বিতরণ করা হয়।
শিক্ষা প্রসারের পাশাপাশি স্থানীয় কৃষকদের ভাগ্যোন্নয়নেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। অনুষ্ঠানে এলাকার অসহায় ও অসচ্ছল কৃষকদের মাঝে আধুনিক কৃষি সহায়তা হিসেবে কীটনাশক স্প্রে মেশিন এবং আসন্ন খরিপ মৌসুমে উৎপাদনের জন্য গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল নবনির্মিত 'আদিতমারী উপজেলা পরিদর্শন কক্ষ'-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই ব্যতিক্রমী উন্নয়ন ও বিতরণ কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]