
মৌসুমী শ্রমিকদের স্থায়ীকরণ সহ ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত মিলের জামতলায় গেট মিটিং শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমডি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি কমিশনের নতুন স্কেল ঘোষণার দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২১ জুলাই দুই ঘণ্টা, ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিউল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিধান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]