
সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২০ জুলাই) রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইলিয়াস খান (২৬) ওই এলাকার আবদুস সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের রাসেল আহমেদের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগও নেওয়া হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল আহমেদ ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে আঘাত করেন বলে অভিযোগ।
এতে গুরুতর আহত হন ইলিয়াস। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
ঘটনার পর অভিযুক্ত রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ পলাতক রয়েছেন। তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]