
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলার কালিস্থান এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা ভৌমিক।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. জিয়াউর রহমান। তিনি উপজেলার গান্ধিগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে। দণ্ড ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান দরবেশতলার কালিস্থান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে তা পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে বালুভর্তি তিনটি চৌকিভ্যান জব্দ করা হয়। একই দিনে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে একটি বালুভর্তি মাহিন্দ্র গাড়িও জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা ভৌমিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]