আওয়ামী লীগের পোস্টার টানানোয় পঞ্চগড়ে মামলা, আসামি শতাধিক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৮:১১
আওয়ামী লীগের পোস্টার টানানোয় পঞ্চগড়ে মামলা, আসামি শতাধিক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে গত ২৩ জুন বিকেলে সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর বিষয়টি।


মামলায় আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২৩ জন নেতাকর্মীকে। তাদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২), পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার সাকী (৫৫), সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুর রহমান (৪০), পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৫), সাধারণ সম্পাদক ফজলুল করিম ওরফে মুন্না (৩৭), সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন (৪২), জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম (৪২), জেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম আরিফ (৩৬), পঞ্চগড় সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আনোয়ার হোসেন (৩৪), হাড়িভাসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান (২৬), সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব (২০), অমরখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নাহিদ হাসান কাজল (২৪), সাধারণ সম্পাদক মো. বুললা (২৩), অমরখানা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জিয়াউর রহমান ডাবলু (৩২), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান রঞ্জু (৩৫), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর (৩০), ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মোজাহার হক মেম্বার (৪০), চাকলাহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি কাওছার ইসলাম কাচু (৩৬), জেলা ছাত্রলীগের সদস্য মো. জনি (৩০), জেলা যুবলীগের সদস্য আনারুল (৪০) এবং বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলক, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেট এবং একটি লোহার তৈরি ত্রিভুজাকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে আঠা দিয়ে তিনটি রঙিন পোস্টার লাগানো হয়েছে।


খবর পেয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা নিশ্চিত করেন এবং সেগুলো জব্দ করেন।


এজাহারে বলা হয়েছে, জব্দ করা পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, নৌকা প্রতীক এবং "২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী", "জয় বাংলা" ও "জয় বঙ্গবন্ধু"সহ বিভিন্ন স্লোগান ছিল। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে এসব পোস্টার টানানো হয়েছিল।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার টানানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com