
পঞ্চগড়ে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
সোমবার (৬ জুলাই) রাতে জেলার বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে আনসার আলী(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়৷ তিনি বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামের মৃত পাশান আলীর ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিপিসি-২, র্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আসামি আনসার আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৭০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে পঞ্চগড় সীমান্ত বা বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]