
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী খালপাড় গ্রামে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এসময় তার ছোট বোন মিতু খানম (১১) আহত হয়।
রবিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার সেতু ও মিতু খানম খালপাড় এলাকার হাফিজার মোল্যার দুই মেয়ে। সেতু স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং মিতু ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাতে পড়া শেষ করে খাবার খেয়ে সেতু ও মিতু দুইবোন ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে ছোট পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের ঘরের ওপর উল্টে পড়ে। ওই ঘরেই ঘুমিয়ে ছিলেন দুইবোন। ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় ও ট্রাকে থাকা পাথরের চাপায় সেতু ও তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়।
পরে রাতেই পরিবারের লোকজন আহত অবস্থায় দুইবোনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎক ডা. অলোক কুমার বাগচী সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লোহাগড়ার নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/শরিফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]