
ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ জুলাই) ফুলপুর, গফরগাঁও ও গৌরীপুর উপজেলায় এক দিনে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান, গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান ও ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তাঁরা জানান, পৃথক ঘটনাগুলোয় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় দুই বোন। তারা হলো মুদিদোকানি সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৮) ও ইলমা আক্তার (৪)।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাৎক্ষণিক রিয়া মনির মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা; কিন্তু শিশু ইলমার মরদেহ উদ্ধারে স্থানীয় লোকজন চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে।
দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস আক্তার বারবার মূর্ছা যাচ্ছিলেন। বিলাপ করে নার্গিস আক্তার বলেন, ‘আমার বুকের ধন দুইটা পুকুরের পানিতে ডুবে মাইরা গেল। বড় মেয়ে স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল। ছোটটা পানিতে তলিয়ে যাওয়ার সময় বড় মেয়ে তুলতে গিয়ে সে–ও ডুবে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব!’
ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের চার বছর বয়সী মেয়ে লামিয়া আক্তার রোববার বেলা তিনটার দিকে পানিতে ডুবে মারা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা যায় দেড় বছর বয়সী শিশু মুনতাহা। সে ওই গ্রামের শামছুল আলমের মেয়ে।
পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]