দুষ্টের দমন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৭:৫৫
দুষ্টের দমন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীকে আগামী দিনে আরও নিরাপদ ও বসবাস উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, দুষ্টের দমন করে ভালো মানুষের জন্য এই নগরীকে আরও উপযোগী করতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।


বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী মিনু বলেন, “৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে আরএমপি।”


তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্ন থাকতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আরএমপির সকল সদস্যকে অভিনন্দন জানান।


অনুষ্ঠানের পর আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে গিয়ে শেষ হয়।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com