
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে ঘুষ গ্রহণের অভিযোগে মিথ্যা অপবাদ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা নিরাপদ ও স্বাভাবিক দাপ্তরিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মঙ্গলবার (৩০ জুন) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, "একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও সাজানো অপবাদ দিয়ে তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিচার দাবি করছি।"
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, "উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি স্থানীয় মানুষের আস্থা ও সুনাম রয়েছে। গত পরশুর ঘটনাটি আমাদের সবাইকে উদ্বিগ্ন করেছে। উর্মি নামের এক নারী কারও ষড়যন্ত্রের অংশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন বলে আমরা মনে করি। আমরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করছি।"
এ সময় ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, "গত দুই বছর ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলাম। তাঁর বিরুদ্ধে কোনো অনিয়ম কখনও দেখিনি। একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কীভাবে এক লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলছেন, তা প্রশ্নবিদ্ধ। আমার জানামতে, সংশ্লিষ্ট ছেলের বিষয়ে উপজেলা পরিষদে কোনো আবেদনও করা হয়নি। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি।"
সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ইউএনও আফরোজ শাহিন খসরুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ ছড়ানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]