
ফুটবল খেলার জন্য একটি বলের আবদার নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়েছিল একদল খুদে শিক্ষার্থী। তাদের সেই ছোট্ট আবদার ফিরিয়ে দেননি শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন। তিনি শিক্ষার্থীদের হাতে একটি ফুটবল তুলে দেন।
সোমবার (৩০ জুন) বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েকজন খুদে শিক্ষার্থী খেলার জন্য একটি ফুটবল চেয়ে ইউএনওর সঙ্গে দেখা করে। তাদের আগ্রহ ও আন্তরিকতা দেখে তাৎক্ষণিকভাবে একটি ফুটবল কিনে দেওয়ার ব্যবস্থা করেন ইউএনও। বল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা প্রয়োজন। খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শিশুদের খারাপ সঙ্গ, মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।
তিনি আরও বলেন, খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। তাই শিশুদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসা উচিত।
ইউএনওর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। তাদের ভাষ্য, প্রশাসনের এমন আন্তরিকতা শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিবার্তা/জাহিদুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]