
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে তিস্তা নদীর ঢলের পানিতে ডুবে নাহিদ নামের চার বছর ৫ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বাড়ির পাশে (পাকার মাথা) খেলতে গিয়ে সে নদীর উপচে পড়া পানিতে তলিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এটি এই পরিবারে তিস্তার প্রথম আঘাত হলেও চার বছর আগে ঠিক একইভাবে লক্ষ্মীটারি ইউনিয়নের বাগেরহাট আবাসন প্রকল্প এলাকায় নাহিদের বড় ভাই নাজমুল আবাসন এর পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছিল। একই পরিবারে চার বছরের ব্যবধানে দুই ভাইয়ের এমন সলিল সমাধি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এনেছে। অসহায় পরিবারটির প্রধান মেনাজুল(৩৫) জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করলেও মা নাজমা (২৮) গৃহিনী বাসায় থাকেন।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম জানান, কি আর বলবো আমরা এমনিতেই বর্তমানে পানিবন্দি। তিস্তার হাত থেকে কবে আমাদের মুক্তি মিলবে তা আমাদের আর জানা নেই। অবুঝ ছোট্ট ছেলেটা (নাহিদ) এভাবে চলে যাবে কখনো ভাবি নাই। ওর মা বললো দুপুর ১ টার সময় ফুটবল নিয়া ও খেলবার গেলো আর ৪ টার দিকে তিস্তার উজানের ঢলের পানিতে ভাসতে থাকা অবস্থায় নাহিদ (৪.৫) এর লাশ উদ্ধার করলো এলাকাবাসী। ঠিক চারবছর আগে আবাসন এর পুকুরে ডুবে ওর বড়ভাই নাজমুল ও মারা যায়। অসহায় পরিবারটি আজ নিঃস্ব হয়ে গেল।
স্থানীয় লক্ষিটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃখজনক ঘটনাটি নিশ্চিত করে বলেন, তিস্তার আগ্রাসী রূপ ও চারপাশের অরক্ষিত জলাশয়ের কারণে আমাদের শিশুরা প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছে। আমাদের সবার উচিত নিজেদের বাড়ির ছোট বাচ্চাদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা, যেন এমন বুক খালি করা ঘটনা আর কোনো মায়ের জীবনে না ঘটে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার জানান, বিষয়টি অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনাদায়ক। খবর পাওয়ার সাথে সাথেই যোগাযোগ এর চেষ্টা অব্যাহত রেখেছি। নিঃস্ব এই অসহায় পরিবারটির আপনজন হয়ে থাকতে চাই। শিশুটি ও তার নিঃস্ব পরিবারটির জন্য সবার দোয়া চাই।
বর্ষা মৌসুমে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর থেকে এই অঞ্চলে শিশু মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল থেকে নদী তীরবর্তী এলাকার পরিবারগুলোকে তাদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিবার্তা/নাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]