
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দাভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। শিমুলবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, বিশ্বস্ত গোয়েন্দা মারফত খবর আসে যে, চোরাকারবারিরা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করার পাঁয়তারা করছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ জুন) ভোরে শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বানিয়াটারী নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত এলাকা দিয়ে আসতে দেখে তাদের ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল ফেলে রেখে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ১৬.৫ কেজি ভারতীয় গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫৬,৭৫০ টাকা এবং ১৪৯ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫৯,৬০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য এক লাখ ১৭ হাজার ৩৫০ টাকা। মাদক চোরাচালান চক্রের সাথে জড়িত চোরাকারবারিদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচারসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করেছি। ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/হাসানুজ্জামান/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]