
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে দুই উপজেলার প্রায় ১ লাখ ৩৮ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন। ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম এবং নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে আবাসিক ছাড়াও বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আওতায় শনিবার নাগেশ্বরী উপজেলার প্রায় ৮০ হাজার ৪০০ এবং ফুলবাড়ী উপজেলার প্রায় ৫৭ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎহীন থাকবেন।
এ বিষয়ে ফুলবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ করতে পারলে দ্রুত আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
অন্যদিকে নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামাল হোসেন বলেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আগের চেয়ে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন।
এদিকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার চট্টগ্রাম ও নাটোরের বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা চন্দনাইশের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই এলাকাগুলো হলো- মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক এলাকা, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা এলাকা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।
অন্যদিকে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নাটোরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা ও নগর ইউনিয়ন এলাকা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]