
লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা শেষে সন্তানসহ ভারতীয় নারীর আশ্রয় মিললো কারাগারে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে তাদেরকে লালমনিরহাট চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলা কারাগারে। এর আগে গত ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় নারী সড়ক দূর্ঘটনায় আহত হওয়া তার সন্তানের চিকিৎসা করাতে লালমনিরহাট সদর হাসপাতালে আসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানসার অফিসার্স ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।
ওসি জানান, পুলিশ পাহারায় ওই ভারতীয় নারী তার অসুস্থ সন্তানের চিকিৎসা করান লালমনিরহাট সদর হাসপাতালে। তার সন্তান সুস্থ হলে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। ’ওই ভারতীয় নারী ও তার সন্তানকে ভারতে ফেরত পাঠানো আইন প্রক্রিয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ওই ভারতীয় নারী হলেন বিউটি বিবি (৩২)। তার সন্তান মো. আব্দুল্লাহকে (১১)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার আটিয়াবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের হবিবর রহমানের মেয়ে। তার স্বামীর নাম আবু বক্কর।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেফাজতে থাকা ভারতীয় নারী বিউটি বিবি সাংবাদিকদের বলেন,’ আমি ও আমার সন্তান প্রতারনার শিকার। আমরা দেশে ফিরে যেতে চাই, আমরা বাড়িতে ফিরে যেতে চাই। আমাদেরকে দেশে ফেরাতে সহযোগিতা করেন।’
নালালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. করিম বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ সুস্থ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ শিশু আব্দুল্লাহ ও তার মাকে হেফাজতে নেয়।
তিনি বলেন, ভারতীয় নারী বিউটি বিবি আর আহত সন্তান আব্দুল্লাহকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন ১৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যায়। মানবিক কারনে আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শিশুটির সাথে তার মা হাসপাতালে উপস্থিত ছিলেন। পুলিশ পাহারায় শিশুটির চিকিৎসা চলে।
ভারতীয় নারী বিউটি বিবি জানান, গেল ৭জুন তার স্বামী আবু বক্কর তাকে ও তার সন্তানকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন। কুড়িগ্রামে একদিন ছিলেন। পরে তারা ঢাকায় চলে যান। ঢাকার একটি বাড়িতে তাকে ও তার সন্তানকে রেখে আবু বক্কর বাইরে চলে যান। ৪-৫ দিনেও তিনি ফিরে না আসায় তারা হতাশ হয়ে পড়েন। আবু বক্করের সাথে যোগাযোগও করতে পারছিলেন না। পরে তারা ১৮ জুন বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে রওনা দেন। বিকেলে বড়বাড়ী এলাকায় বাস থেকে নামার পর একটি অটো রিক্সার ধাক্কায় তার ছেলে আব্দুল্লাহ মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়। ‘অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য স্থানীয় লোকজনের সহযোগিতায় লালমনিরহাট সদর হাসপাতালে আসেন।
তিনি অভিযোগ করেন,’ আমার স্বামী আবু বক্কর আমাদের সাথে প্রতারনা করেছেন। আমাদের ফেলে রেখে তিনি লাপাত্তা হয়েছেন। বাংলাদেশে তার বাড়ি ও ঠিকানা কিছুই জানিনা।’
বিউটি বিবি বলেন, তার স্বামী আবু বক্কর একজন বাংলাদেশি। প্রায় ১৩ বছর আগে তার সাথে পরিচয় হয় ভারতের হাদ্রাবাদের একটি ইটভাটায়। সেখানে তার সাথে সম্পর্ক করে বিয়ে করেন।
বিবার্তা/হাসানুজ্জামানিএমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]