শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৭:০৪
শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেফতার
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার প্রধান আসামি নাজিম মিয়া (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।


মঙ্গলবার (২৩ জুন) র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪-এর সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া থানার একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজিম মিয়াকে গ্রেফতার করে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাজিম মিয়া ভুক্তভোগী পরিবারের দূরসম্পর্কের আত্মীয়। গত ১ জুন বিকেলে তিনি শেরপুর সদর উপজেলার পশ্চিম দড়িপাড়া এলাকায় মো. বাননাছের বাড়িতে যান। পরে তার ১২ বছর বয়সি ছেলে নুর ইসলামকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর শিশুটি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


অভিযোগে বলা হয়েছে, পরদিন সকালে শিশুটির খোঁজ চাইতে গেলে নাজিম মিয়াসহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ১২ ঘণ্টার মধ্যে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুসহ তার বাবাকে হত্যার হুমকিও দেওয়া হয়।


এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আদালতে একটি পিটিশন মামলা করেন। পরে আদালতের নির্দেশে গত ১৭ জুন শেরপুর সদর থানায় দণ্ডবিধির ৩৬১, ৩৬৩, ৩৮৫ ও ৩৪ ধারায় নিয়মিত মামলা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।
র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।


র‌্যাব আরও জানায়, অপহৃত শিশু অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফকার হওয়া নাজিম মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com