
গাইবান্ধার সাঘাটায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও এক ছাত্রশিবির কর্মী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এর প্রতিবাদ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছাত্রশিবির কর্মী সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় বোনারপাড়ায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিবার্তা/রাকিবুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]