
নারী কেলেঙ্কারির অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে গাইবান্ধার ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। তিনি জানান, গত ১৭ জুন রাতে পলাশবাড়ীতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ জুন) সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজড করা হয়।
স্থানীয় সূত্র ও ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, সম্প্রতি ট্রাফিক ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করছিলেন সার্জেন্ট জাহাঙ্গীর। এ সময় নিঝুম নামে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন সার্জেন্ট জাহাঙ্গীর। পরে স্থানীয়রা বাসাটি ঘিরে ফেললে তারা বের হতে পারেননি। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
ঘটনার পর প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে ওই রাতেই সংশ্লিষ্টদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, পলাশবাড়ীর ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ বিভাগ।
বিবার্তা/রাকিবুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]